ট্রাক কেড়ে নিল দুই ছাত্রের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলায় ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার চিনির বটতলা এলাকায় ঈশ্বরদী-বাঘা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন আত্মীয় ছিল।

লালপুর থানা-পুলিশ সূত্র জানায়, আজ বিকেল চারটার দিকে বাঘাগামী একটি ট্রাক চিনির বটতলা এলাকায় দুই সাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সাইকেলের আরোহী লালপুর জোতদৈবকী গ্রামের রতন কুমারের ছেলে নীরব কুমার (১৪) এবং পাবনার চাটমোহর এলাকার বিপ্লব কুমার সরকারের ছেলে বিজয় সরকারের (৮) মৃত্যু হয়। নীরব অষ্টম শ্রেণির এবং বিজয় চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। তারা খালাতো ভাই। তারা এক আত্মীয়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ ​দিয়ে ফিরছিল। খবর পাওয়ার পরপরই লালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, ট্রাকটি আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।