ট্রাক কেড়ে নিল যুক্তরাজ্য-প্রবাসীসহ দুজনের প্রাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তছরউদ্দিন সপরিবারে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করতেন। দেশে থাকাকালে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ছিলেন। ইউপি নির্বাচন সামনে রেখে তিনি মাত্র সপ্তাহখানেক আগে সপরিবারে দেশে এসেছিলেন। বাড়ি থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় এক ছেলেকে নিয়ে সিলেট ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর এলাকা থেকে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ধুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। চালকসহ ঘটনাস্থলে নিহত হন তছরউদ্দিন। সঙ্গে থাকা তাঁর এক ছেলে গুরুতর আহত হয়। ট্রাকের ধাক্কায় ওই অটোরিকশার পেছনে আরেকটি যাত্রীবাহী অটোরিকশা দুর্ঘটনার শিকার হলে অটোরিকশাচালকসহ সাতজন যাত্রী আহত হন। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার উপকণ্ঠে রশিদপুরে এ দুর্ঘটনা প্রত্যক্ষ করা লোকজন বিক্ষুব্ধ হয়ে আটটি ট্রাক আটকে ভাঙচুর করে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে হাইওয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বিশ্বনাথ থেকে সিলেটগামী দুইটি সিএনজিচালিত অটোরিকশা (সিলেট-থ ১১-৮২০০ ও সিলেট-থ ১১-৯৪৭৬) রশিদপুরের কাছে মহাসড়কে প্রবেশ করা মাত্র পেছন থেকে ধাক্কা মারে সিলেটগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-৭৩১৬)। ট্রাকের ধাক্কায় অটোরিকশা দুটির একটি অপরটির সঙ্গে গিয়ে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান যুক্তরাজ্য-প্রবাসী বিশ্বনাথ উপজেলার সমেমর্দান গ্রামের তছরউদ্দিন (৫৮) ও অটোরিকশাচালক বিশ্বনাথ উপজেলার ইলিমপুর গ্রামের নিবাস দাস (৫৫)। আহত ব্যক্তিদের মধ্যে অপর অটোরিকশাচালক সফিক মিয়া (৩০), নিহত তছিরের ছেলে গোলাম রহমানসহ (১৪) আরও পাঁচ যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ ফাঁড়ির (দাসপাড়া-তামাবিল) উপরিপরিদর্শক মোহাম্মদ শাহীন প্রথম আলোকে জানান, বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর শুরু করলে ট্রাকটি জব্দ করে পরিস্থিতি শান্ত করা হয়। ট্রাকচালক পালিয়ে গেলেও এ ঘটনায় মামলা হয়েছে।