ট্রাক-গাড়ির সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে গতকাল বৃহস্পতিবার ভোরে প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজাউল হক (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই গাড়ির অপর দুজন আরোহী। রেজাউল ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ পরীক্ষা দিয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটি ঢাকা যাচ্ছিল। সীতাকুণ্ডের বার আউলিয়ার ফুলতলা এলাকায় পৌঁছালে গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গাড়ির তিন আরোহী রেজাউল, রনি (১৫) ও কারের চালক মো. সেলিম (৩০) আহত হন। দুর্ঘটনার পরপর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল মারা যান।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষক নেছারুল করিম প্রথম আলোকে বলেন, চালককে পাশে বসিয়ে রেজাউল নিজেই গাড়ি চালাচ্ছিলেন। তিনি এক সপ্তাহ আগে এমবিএ পরীক্ষা সম্পন্ন করেছেন।এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা হয়েছে বলে জানা গেছে।