ট্রাক চলাচলে ক্ষতিগ্রস্ত সড়ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মৈজদ্দিন মণ্ডলপাড়া ও ছব্দুল খাঁর পাড়ার গ্রামীণ পাকা সড়ক দিয়ে প্রতিদিন ভারী ট্রাক চলাচল করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সড়ক। বিভিন্ন স্থানে পাথর ও খোয়া বের হয়ে ধসে পড়ছে। গাড়ি চলতে বাধা দেওয়ায় সাবেক এক ইউপি সদস্যকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন। এ নিয়ে যেকোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, দক্ষিণ উজানচর ছব্দুল খাঁর পাড়া থেকে মাখন বাবুর চর হয়ে মৈজদ্দিন মণ্ডলপাড়ার আড়াই কিলোমিটার রাস্তা কার্পেটিংয়ের জন্য ২০১২ সালে দরপত্র দেওয়া হয়। ২০১২ সালের ১৯ এপ্রিল গোয়ালন্দের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী ট্রেডার্সকে কার্পেটিং, বিটুমিনসহ পাকা সড়ক নির্মাণের জন্য ৯৪ লাখ ৯৩ হাজার টাকার কার্যাদেশ দেওয়া হয়। ওই বছর কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় আড়াই বছর পর ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হয়।
এলাকাবাসীর অভিযোগ, সড়ক নির্মাণের সময় মান নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এর এক বছর পর থেকে প্রতিদিন ভারী গাড়ি, বিশেষ করে মাটির ট্রাক চলাচল করায় বিভিন্ন স্থানের পাথর ও খোয়া বের হয়ে পড়ে। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্থানীয় সাবেক ইউপি সদস্য আবদুস ছাত্তার মৃধা গাড়ি চলাচলে বাধা দেওয়ায় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে আবদুস ছাত্তার মৃধাসহ এলাকাবাসী বিষয়টি ইউএনওসহ থানায় অভিযোগ দায়ের করলে কয়েক দিন বন্ধ থাকার পর ফের পুরোদমে ট্রাক চলাচল করছে। এ নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
মৈজদ্দিন মণ্ডলপাড়ার হোসেন মোল্লা, দুদু শেখ, মুদিদোকানি আজগর আলী শেখসহ ১০-১২ জন জানান, এলাকায় পাকা সড়ক নির্মাণের পর সব ঠিক ছিল। এক বছর ধরে এই সড়ক দিয়ে মাটিবাহী ট্রাক চলাচল করায় এখন সড়কের অনেক স্থান ভেঙে ধসে যাচ্ছে।
ছব্দুল খাঁর পাড়ার কোরবান সরদার বলেন, ‘মাটিভর্তি ৮-১০টি ট্রাক একত্রে চলাচল করে। নিষেধ করলে উল্টো খারাপ আচরণ করে। কয়েক দিন আগে বাড়ির সামনে রাস্তার এক পাশ ভেঙে ট্রাকটি ঘরের ওপর পড়ার উপক্রম হলে গাছের কারণে রক্ষা পাই। ট্রাকটি ঘরের ওপর পড়লে সবাই মারা যেতাম।’ স্থানীয় বেলায়েত আলী শেখ বলেন, ‘উপায় না পেয়ে আমরা ইউএনওকে জানিয়েছি।’
আবদুস সাত্তার মৃধা অভিযোগ করেন, ‘প্রতিদিন ১০-১২টি মাটিভর্তি ট্রাক ১৫-২০ বার আসা-যাওয়া করে। বারণ করায় মাখন বাবুর চরের রাসেল মণ্ডল নামের এক যুবক আমাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি ইউএনও, সহকারী কমিশনারসহ (ভূমি) গোয়ালন্দ ঘাট থানায় জানিয়েছি। থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছি। প্রশাসনের হস্তক্ষেপে কয়েক দিন বন্ধ থাকলেও ফের পুরোদমে ট্রাক চলছে।’
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন বলেন, ‘মাটির ট্রাকসহ ভারী গাড়ি চলাচল করায় সড়কের দুই কিলোমিটার জুড়ে নষ্ট হয়েছে। ভাঙা স্থান প্রাথমিকভাবে মেরামত করেছি। দ্রুত এর বিহিত হওয়া প্রয়োজন।’
উপজেলা প্রকৌশলী মো. সহিদুল ইসলাম বলেন, গ্রামীণ পাকা সড়ক ভারী পণ্যের গাড়ি চলাচলের উপযোগী নয়। কাজ শেষে ঠিকাদারি প্রতিষ্ঠান জামানতের টাকা নিয়ে গেছে। প্রাথমিক সংস্কার ছাড়া উপায় নেই।
ইউএনও মো. আবু নাসার উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি আইনশৃঙ্খলা-বিষয়ক সভায় উত্থাপন করা হয়। রাস্তা ঠিক রাখতে হবে, পাশাপাশি ট্রাক চলবে, এসব মাথায় নিয়ে সমাধানের চেষ্টা চলছে।