ট্রাক চলায় বেহাল বেড়িবাঁধ সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালুবাহী ১০ চাকার ভারী ট্রাক চলাচল করার কারণে রাজবাড়ীর বেড়িবাঁধ সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কের কোনো কোনো অংশে বিটুমিন-খোয়া এমনভাবে উঠে গেছে যে রাস্তাটি একসময় পাকা ছিল, তা বোঝার উপায় নেই।
রাস্তা বেহাল হওয়ার কারণে রিকশা, ভ্যান বা অটোরিকশাসহ ছোট কোনো যানই সড়ক দিয়ে চলাচল করতে পারছে না। এলাকাবাসী বেড়িবাঁধ সড়ক দিয়ে ১০ চাকার ট্রাক চলাচল বন্ধের দাবি জানিয়ে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রাজবাড়ী কার্যালয় থেকে জানা গেছে, দৌলতদিয়া-খুলনা সড়কের গোয়ালন্দ উপজেলার জামতলা থেকে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের সেনগ্রাম পর্যন্ত ৪৬ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণ করা হয়। এই রাস্তার ওপরের অংশ দেখভালের জন্য রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) দায়িত্ব দেওয়া হয়েছে। এই রাস্তার ২৮ কিলোমিটার পাকা, ১২ কিলোমিটার ইটের তৈরি (এইচবিবি) ও অবশিষ্ট রাস্তা কাঁচা।
সরেজমিন পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা ফেরিঘাট এলাকায় বেশ কয়েকটি স্থানে বালু তোলা শুরু হয়। সেখান থেকে ১০ চাকার বড় ট্রাকে করে বালু বেড়িবাঁধ সড়ক দিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। এর পর থেকে সড়কটি বেহাল হতে শুরু করে। গাদার বাজার থেকে জৌকুরা ফেরিঘাট এলাকার ১৩ কিলোমিটার পাকা রাস্তার বিটুমিন উঠে গেছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। জৌকুরা বাজার থেকে রামচন্দ্রপুর বালুখোলা পর্যন্ত পৌনে এক কিলোমিটার পাকা রাস্তার বিটুমিন-খোয়া উঠে গেছে। এখন এই অংশ দেখে বোঝার উপায় নেই রাস্তাটি পাকা ছিল। এই অংশে ভ্যান, রিকশা, অটোরিকশাসহ অন্য কোনো ছোট যান চলাচল করতে পারে না। এলাকাবাসী এই সড়ক দিয়ে ১০ চাকার ট্রাক চলাচল বন্ধের দাবি জানিয়ে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক এবং সওজের বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর আবেদন করেছেন। সওজের উদ্যোগে বিভিন্ন স্থানে যানবাহন চলাচল বিধিমালাসংক্রান্ত কয়েকটি সাইনবোর্ড টাঙানো ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
বেড়িবাঁধসংলগ্ন ধুঞ্চি এলাকার বাসিন্দা আশফিকুর রহমান বলেন, এই রাস্তাটি ছোট যান চলাচলের জন্য করা হয়েছিল। কিন্তু অবৈধ বালু ব্যবসায়ীরা বড় বড় ট্রাক পরিবহন করায় রাস্তাটি নষ্ট হয়ে গেছে। পাশাপাশি কয়েকটি গ্রামের মানুষের ঘরবাড়িও হুমকির মুখে পড়েছে।
সওজের রাজবাড়ী কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী বিমল কুমার সন্ন্যাসী বলেন, জৌকুরা এলাকার বিভিন্ন স্থান থেকে বালু নিয়ে ১০ চাকার ভারী ট্রাক চলাচল বন্ধে হাইওয়ে থানাকে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে জানানো হয়েছে।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার বলেন, ‘নিয়ম অনুযায়ী আমার হাইওয়ে সড়কের ২০ ফিটের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এ পর্যন্ত জৌকুরা ফেরিঘাটের প্রবেশপথে বাগমারা মোড়ে দুই দিন অভিযান চালিয়ে পাঁচটি মামলা করা হয়েছে। জনবল-সংকটের কারণে প্রতিদিন অভিযান চালানো সম্ভব হয় না।’