ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে কর্মস্থলে যাওয়ার পথে ট্রাক চাপায় এক নারী এনজিও কর্মী নিহত এবং আহত হয়েছেন তাঁর এক সহকর্মী। আজ শনিবার সকাল সোয়া আটটার দিকে সদরের ডিক্রিরচর ইউনিয়নের টেপুরাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কর্মীর নাম রিক্তা আক্তার (৩২)। তিনি ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সিতে (এফডিএ) মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ফরিদপুর শহরের খাবাসপুরের সাইফুল ইসলাম জাফরের স্ত্রী। আর আহতের নাম পান্না আক্তার (২২)। তিনি ভাজনডাঙ্গা এলাকার বাসিন্দা।

এফডিএ’র নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, রিক্তা তাঁর সহকর্মীকে নিয়ে সকালে বাড়ি থেকে মোটরসাইকেল করে এফডিএ'র প্রধান কার্যালয়ে আসছিলেন। পথে খলিফা কামালের ইট-ভাটার সামনে সিঅ্যান্ডবি ঘাট থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই রিক্তা নিহত হন। গুরুতর অবস্থায় পান্নাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন জানান, এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। রিক্তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।