ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত
চট্টগ্রামে ট্রাকচাপায় আর জি যোজন অখণ্ড (৪০) নামের এক ট্রাফিক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে নগরের হালিশহর থানার নয়াবাজার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আর জি যোজন অখণ্ডের গ্রামের বাড়ি জেলার আনোয়ারায়।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণম চৌধুরী প্রথম আলোকে বলেন, হালিশহর সিএসডি গুদাম থেকে গমবোঝাই একটি ট্রাক নয়াবাজার মোড় ঘুরে হালিশহর বৌবাজারের দিকে যাচ্ছিল। এ সময় দায়িত্বরত ট্রাফিক পুলিশ আর জি যোজন অখণ্ড ট্রাকটিকে থামতে সংকেত দেন। কিন্তু ট্রাকচালক না থামিয়ে ওই পুলিশকে চাপা দিয়ে চলে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, পরে ট্রাকচালক মো. রাসেল ও তাঁর সহকারী মো. মুছাকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ইচ্ছে করে পুলিশকে ট্রাকচাপা দিয়ে মেরেছে, নাকি নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় দুজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেছে।