ট্রাক চুরির আট দিন পর চালকের মৃত্যু সড়ক অবরোধ
রাজশাহীর পুঠিয়ায় একটি ট্রাক চুরি যাওয়ার আট দিন পর সেটির চালক অশান্ত ভট্টাচার্যের লাশ গতকাল শুক্রবার তাঁর বাড়ির পাশের একটি আমবাগান থেকে উদ্ধার করা হয়েছে। তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলে এলাকাবাসী ও মোটরশ্রমিকেরা পুঠিয়ায় রাজশাহী-নাটোর সড়ক আবরোধ করেন। সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন তাঁরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ফরহাদ আহমেদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে লাগাতার ধর্মঘট ডাকা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন অবরোধকারীরা।
মোটর শ্রমিক ইউনিয়ন পুঠিয়ার সভাপতি শাহ্ আলম জানান, উপজেলার রাজশাহী-নাটোর সড়কের ঝলমলিয়া পালপাড়া গ্রামের গণেশ ভট্টাচার্যের ছেলে অশান্ত। তিনি একই এলাকার শামসুল আলমের একটি ট্রাক চালাতেন। ১৭ এপ্রিল রাতে অশান্ত ট্রাকটি ঝলমলিয়ার মন্টুর সার্ভিসিং সেন্টারে রেখে বাড়িতে ফিরলে সেখান থেকে গাড়িটি চুরি যায়।
অশান্তর পরিবার জানায়, গতকাল ভোরের দিকে মুঠোফোনে ফোন করে কে যেন তাঁকে ডেকে নেয়। পরে সকালে তাঁর লাশ পাওয়া যায়।
অশান্তের বড় ভাই অমূল্য ভট্টচার্য অভিযোগ করেন, গাড়ির মালিকের লোকজনই তাঁকে হত্যা করেছে।
তবে এ বিষয়ে মালিক শামসুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
মোটরশ্রমিক নেতা শাহ্ আলম জানান, ২০ এপ্রিল ট্রাকমালিক পুঠিয়া থানায় মামলা করলে অশান্ত ও তাঁর সহকারী বিরেনকে পুলিশ গ্রেপ্তার করে। তবে শ্রমিক ইউনিয়নের প্রতিরোধের মুখে মালিক শামসুল তাঁদের ছাড়িয়ে আনেন। পুঠিয়া থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে।