ট্রাক ছিটকে জমিতে, কৃষিশ্রমিকের মৃত্যু
মহাসড়কের পাশে জমিতে কাজ করছিলেন আশরাফুল আলম। একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষের পর একটি ট্রাক ছিটকে পড়ে জমিতে। ট্রাকটির নিচে চাপা পড়েন আশরাফুল। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
আজ রোববার দুপুরে রংপুরের পীরগঞ্জের কলাবাড়ি এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
আশরাফুল বাড়ি পীরগঞ্জের দুবরাজপুর গ্রামে। তাঁর বয়স ৪৫ বছরের মতো বলে ধারণা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর দুইটার দিকে মহাসড়কের কলাবাড়ি এলাকায় বগুড়া থেকে রংপুরগামী একটি ট্রাক ও রংপুর থেকে সোনালী ব্যাংকের পীরগঞ্জ শাখায় টাকা নিয়ে রওনা হওয়া একটি মাইক্রোবাসের পাশাপাশি ধাক্কা লাগে। এতে ট্রাকটি পাশের জমিতে উল্টে পড়ে যায়। এ সময় অন্যের জমিতে কৃষিশ্রমিক হিসেবে কাজ করছিলেন আশরাফুল ইসলাম। তিনি ট্রাকের চাপায় গুরুতর আহত হন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। এ দুর্ঘটনায় টাকা বহনকারী মাইক্রোবাসের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের দুজন কনস্টেবল ও ব্যাংকের দুজন কর্মচারী আহত হয়েছেন।
পুলিশ আরও জানায়, এ দুর্ঘটনার এক ঘণ্টা আগে বেলা একটার দিকে একই স্থানে বগুড়া থেকে রংপুরগামী তুহীন পরিবহনের মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন ১০ বাসযাত্রী। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার কারণ প্রসঙ্গে এলাকাবাসীর অভিযোগ, মহাসড়কের যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানে খানাখন্দ হয়েছে। চালকেরা দ্রুত গতিতে চালিয়ে এলেও এখানে এসে হঠাৎ ব্রেক করতে চাইলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতেই ঘটে দুর্ঘটনা।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে ব্যাংকের টাকা অন্য একটি গাড়িতে করে পুলিশের নিরাপত্তায় পৌঁছে দেওয়া হয়েছে।
মহাসড়কে খানাখন্দ প্রসঙ্গে রংপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, মহাসড়কের খানাখন্দগুলো যত দ্রুত সম্ভব সংস্কার করা হচ্ছে।