ট্রাক ছিনতাই মামলার তিন আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ট্রাক ছিনতাইয়ের অভিযোগে হওয়া মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নাটোরের লালপুর থানার পুলিশ গত মঙ্গল ও বুধবার তাঁদের গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া তিনজন হলেন লালপুর উপজেলার গোপালপুর লেবার লাইনের সাগর কুণ্ডু (৩১), চণ্ডীগাছা গ্রামের সাহাবুল ইসলাম (৩৫) ও বাহাদিপুর গ্রামের আমজাদ ওরফে চাঁদের আলী (৩৪)। গত বুধবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা লালপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, মুঠোফোনের মাধ্যমে তাঁরা জানতে পারেন, আসামি সাগর খাগড়াছড়ি সদরে অবস্থান করছেন। পরে লালপুর থানার একদল পুলিশ খাগড়াছড়ি যায়। তারা স্থানীয় পুলিশের সহায়তায় মঙ্গলবার খাগড়াছড়ি শহরের একটি হোটেল থেকে কর্মরত অবস্থায় সাগরকে গ্রেপ্তার করে। সাগরকে তারা লালপুর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার চণ্ডীগাছা গ্রাম থেকে সাহাবুল ও বাহাদিপুর গ্রাম থেকে চাঁদের আলীকে গ্রেপ্তার করে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ট্রাক ছিনতাইয়ের ঘটনা আরও কেউ জড়িত আছে কি না, তা জানা যাবে।গত ২১ মে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কড্ডার মোড় থেকে ৩০০ বস্তা সিমেন্ট বোঝাই ট্রাক ছিনতাই হয়। লালপুর থেকে ২২ মে স্থানীয় পুলিশ ট্রাকটি উদ্ধার করে। এ ঘটনায় ট্রাকের মালিক ফরিদ উদ্দিন ওই দিনই লালপুর থানায় মামলা করেন। এ নিয়ে ওই সময় প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়।