চট্টগ্রামে রেলওয়ে থেকে বিআরটিসির জায়গা ক্রয়
ট্রাক টার্মিনাল নির্মাণ না করে বিএনপির নেতাকে ইজারা
ট্রাক টার্মিনাল করবে বলে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) ১২ বছর আগে চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়ি এলাকায় রেলওয়ে থেকে ৪১ শতক জমি কিনে নেয়। টার্মিনাল না করে ওই বছরই জায়গাটি বিএনপির এক নেতাকে ইজারা দেওয়া হয়। এ বছর সেখানে ৩৬টি দোকান নির্মাণ করেছেন বিএনপির ওই নেতা। দোকানগুলোর এখন বরাদ্দ-প্রক্রিয়া শুরু হয়েছে।বিএনপির ওই নেতার নাম শহীদুল ইসলাম। তিনি পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর। শাহ আমানত আয়রন মার্কেট নামের ওই মার্কেটের বেশির ভাগ দোকানই ইতিমধ্যে বরাদ্দ হয়ে গেছে বলে জানান শহীদুলের ছোট ভাই আরিফুল ইসলাম।শহীদুল ইসলাম বলেন, ‘১৯৯৮ সালে বিআরটিসি জায়গাটি কিনলেও তখন এখানে ট্রাক টারমিনাল করতে পারেনি। আমি ওই জায়গা অস্থায়ী ইজারা নিয়ে ট্রাক টার্মিনাল তৈরি করি। এ বছর বিআরটিসির কাছে একটি আবেদন করলে তারা আমাকে ১০ বছর পর পর নবায়নযোগ্য ইজারা দেয়। এরপর সেখানে দোকান নির্মাণ করেছি।’রেলওয়ে সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে বিআরটিসি ৮৪ লাখ ৫২ হাজার ৪০০ টাকায় রেলওয়ে থেকে ৪১ শতক জায়গা কিনে নেয়। পাঁচ কিস্তিতে পুরো টাকা পরিশোধের কথা থাকলেও মাত্র এক কিস্তিতে ১৬ লাখ টাকা জমা দেয় বিআরটিসি। পরে আর কোনো টাকা পরিশোধ করেনি। জায়গাটি রেলওয়ে থেকে বিআরটিসিতে নিবন্ধনও (রেজিস্ট্রি) করা হয়নি। শুরু থেকেই বিএনপির নেতা শহীদুল ইসলাম ওই জায়গার ওপর ব্যবসা করে আসছেন।রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. আবদুল বারী প্রথম আলোকে বলেন, সরকারি নিয়ম হচ্ছে, যে কারণে জমিটি কেনা হয়েছে, তার বাস্তবায়ন না হলে জমিটি আগের প্রতিষ্ঠানে ফেরত দেওয়া। বিআরটিসি রেলওয়েকে জায়গাও ফেরত দেয়নি, জায়গার মূল্যও পুরো পরিশোধ করেনি।সরেজমিনে পশ্চিম মাদারবাড়ির ডিটি রোডে ওই দোকান এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে শাহ আমানত আয়রন মার্কেটের বড় একটি সাইনবোর্ড দিয়ে দোকান বরাদ্দ দেওয়া হচ্ছে। বিআরটিসির অনুমোদন রয়েছে বলেও সেখানে উল্লেখ রয়েছে।দোকানের বরাদ্দ সম্পর্কে ওয়ার্ড কাউন্সিলরের ছোট ভাই আরিফুল ইসলাম বলেন, সামনের দোকানগুলো নিতে হলে এককালীন চার লাখ টাকা এবং মাসিক পাঁচ হাজার টাকা পরিশোধ করতে হবে। আর ভেতরের দোকানের জন্য এককালীন সাড়ে তিন লাখ এবং মাসিক ভাড়া চার হাজার টাকা। সেই হিসাবে ৩৬টি দোকানে কেবল এককালীন জমা থেকেই শহীদুল ইসলামের প্রতিষ্ঠান শাহ আমানত গ্রুপ আয় করবে এক কোটি ৩০ লাখ টাকা। আর মাসিক ভাড়া থেকে বছরে আয় হবে প্রায় ১৭ লাখ টাকা।তবে শহীদুল ইসলাম দাবি করেছেন, দোকানের ভাড়া হিসেবে বিআরটিসি ১০ লাখ টাকা করে পাবে।এদিকে দোকান বরাদ্দ দিয়ে এককালীন টাকা নেওয়ার বিষয়টি বিআরটিসি কর্তৃপক্ষ জানে না বলে দাবি করেছেন সচিব নুরুল আফসার। তিনি প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি তো আমরা জানি না। দোকান তৈরি করার কারণে শহীদুল ইসলাম একটি ন্যূনতম ভাড়া নেওয়ার কথা। আমরা বিষয়টি যাচাই করে দেখছি।’