ট্রাক টার্মিনালের ব্যাপারে প্রশাসন আন্তরিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা ও পুলিশ প্রশাসন যানজট নিরসনে ট্রাক টার্মিনাল নির্মাণের ব্যাপারে আন্তরিক এবং এ জন্য প্রাথমিক পর্যায়ে কাজ শুরু করেছে।

চট্টগ্রাম জেলা ট্রাক-কাভার্ড ভ্যান ও মিনি ট্রাক মালিক গ্রুপের সভাপতি মো. আবদুল মান্নান পুলিশ প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। সংগঠনের উদ্যোগে গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম আন্তজিলা ট্রাক শ্রমিক ইউনিয়নের হাটহাজারী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ট্রাক মালিক ও শ্রমিকেরা একটু আন্তরিক হলে গাড়িগুলো নিরাপদ জায়গায় পার্কিং করলে যানজটমুক্ত সড়কব্যবস্থা গড়ে তুলতে বেশি দিন সময় লাগবে না। পণ্য পরিবহনে নিয়োজিত সব গাড়ির জন্য নির্দিষ্ট টার্মিনাল নির্মাণে গুরুত্ব দেন তিনি।

সভায় বক্তারা বলেন, রাস্তার পাশে অকেজো গাড়ির স্তূপ এবং যত্রতত্র গাড়ি পার্কিং করার কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ ভোগান্তি পোহায়। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে পরিকল্পিতভাবে ট্রাক টার্মিনাল নির্মাণের কোনো বিকল্প নেই।

আন্তজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াছের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভার কাউন্সিলর সাইদুল হক, হাটহাজারী জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক মহিবুল হক, ট্রাক-কাভার্ড ভ্যান মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক মো. এমদাদুল হক প্রমুখ।