ট্রাক ধর্মঘটে সবজিসহ পণ্য পরিবহন ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘটে সারা দেশ থেকে রাজধানী ঢাকায় সবজিসহ পণ্য পরিবহন ব্যাহত হয়েছে। তবে রাজধানীর কাঁচাবাজারগুলোতে এর তেমন প্রভাব পড়েনি।পণ্যবাহী যানে ডাকাতি ও পুলিশের চাঁদাবাজি বন্ধ করাসহ ১৪ দফা দাবিতে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান এজেন্সি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ গত বুধবার সকাল ছয়টা থেকে শুক্রবার সকাল ছয়টা পর্যন্ত এই ধর্মঘট ডাকে। গতকাল বৃহস্পতিবার ছিল ধর্মঘটের দ্বিতীয় দিন।পরিষদের নেতাদের অভিযোগ, তাঁদের ১৪টি দাবির মধ্যে সাতটিই হচ্ছে পুলিশের হয়রানি ও চাঁদাবাজির বিষয়ে। কিন্তু পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা করা হয়নি।পরিষদের আহ্বায়ক মো. রুস্তম আলী খান প্রথম আলোকে বলেন, ‘পরিবহন ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। কিন্তু মালিক-শ্রমিকদের দাবিদাওয়া শুনতে আসেননি। কোনো আলোচনাও হয়নি।’ তিনি জানান, সারা দেশে ৮৮ হাজারের মতো ট্রাক চলাচল করে। গতকাল দুই থেকে আড়াই হাজারের মতো ট্রাক চলেছে। বন্যাদুর্গত কিছু এলাকা (উত্তরবঙ্গের কিছু এলাকা ও সিলেট) ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছিল। এ ছাড়া ধর্মঘটের আগে যেসব ট্রাকে পণ্য বোঝাই হয়েছিল কিংবা মহাসড়কে যানজটে ছিল, সেসব ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে।জানা যায়, ধর্মঘটের মধ্যে যেসব ট্রাক চলাচল করেছে, সেগুলোর ভাড়া ছিল অনেক বেশি। গতকাল বিকেলে তেজগাঁও ট্রাক টার্মিনালে গিয়ে অসংখ্য ট্রাক ও কাভার্ড ভ্যানকে অলস দাঁড়িয়ে থাকতে দেখা যায়।পরিষদ বিকেলে তেজগাঁওয়ের কার্যালয়ে জরুরি সভা করে। মো. রুস্তম আলী খানের সভাপতিত্বে সভায় এই পরিষদভুক্ত সংগঠনের নেতারা বলেন, সরকারের সংশ্লিষ্ট মহলকে একাধিকবার চিঠি দিয়ে ১৪ দফা দাবি পূরণের আহ্বান জানানো হয়। কিন্তু কোনো ফল হয়নি। মালিক-শ্রমিকদের ওপর নিপীড়ন ও পুলিশের নির্যাতনে দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে তাঁদের ধর্মঘট আহ্বান করতে হয়।পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম প্রথম আলোকে বলেন, ‘সরকার আমাদের দাবি না মানলে ঈদুল ফিতরের পর মহাসমাবেশ ডেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’কমেছে সবজির সরবরাহ: ট্রাক ধর্মঘটের কারণে সবজির বড় আড়ত কারওয়ান বাজারে সবজির সরবরাহ কমে গেছে। অন্য সময়ে যে পরিমাণ সবজিবাহী ট্রাক কারওয়ান বাজারে আসে, বুধবার রাতে এসেছে তার এক-তৃতীয়াংশ। তবে সবজির সরবরাহ কমলেও বাজারে এর প্রভাব তেমন পড়েনি। দাম অনেকটা আগের মতোই রয়েছে।কারওয়ান বাজার ক্ষুদ্র কাঁচামাল আড়ত ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক লোকমান হোসেন গতকাল বলেন, অন্য সময়ে প্রতি রাতে কারওয়ান বাজারে এক হাজারের মতো সবজিবাহী ট্রাক ঢোকে। কিন্তু বুধবার রাতে ঢুকেছে ৩০০ থেকে সাড়ে ৩০০টি ট্রাক। তিনি অভিযোগ করেন, বেশ কিছু সবজিবাহী ট্রাক বুধবার রাতে ফার্মগেটে পৌঁছালে ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিকদের সংগঠনের নেতা-কর্মীরা বাধা দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে পরে সেসব ট্রাক কারওয়ান বাজারে ঢুকেছে।আড়তদারেরা বলেছেন, দুদিন সবজি কম আসায় বাজারে খুব একটা সমস্যা হবে না। ধর্মঘট শেষ হলে অতিরিক্ত সবজি ঢাকায় আসবে। ফলে সবজির সরবরাহও স্বাভাবিক হবে।