ট্রাক নিয়ে দিনভর চালকের দৌড়ঝাঁপ
সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চট্টগ্রাম নগরে ট্রাক ঢুকতে পারবে না—এটাই নগর ট্রাফিক পুলিশের নিয়ম। এ নিয়ম ভেঙে গতকাল রোববার বেলা ১১টার দিকে জাকির হোসেন রোডে ঢুকে পড়ে কয়লাবাহী একটি ট্রাক। নিষিদ্ধ সময়ে নগরে ঢোকার দায়ে পুলিশ সার্জেন্ট প্রিয়দর্শী চাকমা ট্রাকটি (ফরিদপুর-ট-১১০১৭৬) আটক করেন। ট্রাকচালক লিটন বেপারি দাবি করেন, এই ট্রাক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের স্ত্রীর। আটকের সময় থেকেই তিনি এই দাবি করছিলেন। তিনি প্রথম আলোর কাছেও একই দাবি করেন। তবে পুলিশ তাঁর কথায় পাত্তা দেয়নি। মন্ত্রীর স্ত্রীর মুঠোফোনের নম্বর চাইলে লিটন বলেন, ‘এটি কাউকে দেওয়া যাবে না, এটি ম্যাডামের ব্যক্তিগত নম্বর।’অবশ্য পরে গতকাল রাত সাড়ে সাতটার দিকে জরিমানার টাকা পরিশোধ করে চালক ট্রাকটি ফেরত নিয়ে গেছেন। যোগাযোগ করা হলে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রথম আলোকে বলেন, ‘আমার স্ত্রীর মালিকানায় কোনো ট্রাক নেই। ফলে চট্টগ্রামে আমার ট্রাক আটকের বিষয়টি সত্য নয়।’পুলিশ জানায়, লিটন জরিমানার টাকা না দিয়ে ট্রাকটি ছাড়িয়ে নেওয়ার জন্য নানাভাবে চাপ দিয়েছিলেন। নগর পুলিশের ট্রাফিক বিভাগের প্রধান ফারুক আহমেদের সঙ্গে বিকেলে তাঁর কার্যালয়ে গিয়ে তিনি দেখা করেন। কিন্তু মামলা হয়ে যাওয়ায় কোনোভাবেই জরিমানা আদায় ছাড়া ট্রাকটি ছাড়া সম্ভব হচ্ছিল না।পুলিশ কর্মকর্তারা জানান, লিটন বেপারির বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। গাড়ি ছেড়ে দিতে উচ্চপর্যায় থেকে তদবির আসবে বলে তিনি পুলিশের কাছে দাবি করেন। ট্রাফিক পুলিশ পরে পরীক্ষা করে দেখে, এই ট্রাকের ট্যাক্স টোকেন, ফিটনেস সনদের কোনোটিই গাড়ির সঙ্গে নেই। মাদারীপুরের বিআরটিএ কার্যালয় এসব কাগজপত্র জমা দেওয়ার একটি রসিদ দেখানো হয় পুলিশকে। ট্রাকটি সিলেট থেকে কয়লা নিয়ে চট্টগ্রামে আসে বলে চালক জানিয়েছেন। উপকমিশনার ফারুক বলেন, ‘চালক একজন মন্ত্রীর স্ত্রীর ট্রাক দাবি করলেও কাগজপত্রে ট্রাকটি মাদারীপুরের র্যাংগস মোটর্সের মালিকানাধীন। সম্ভবত কেউ ওই প্রতিষ্ঠান থেকে ট্রাকটি কিস্তিতে কিনেছে। আইন অমান্যের দায়ে আমরা ট্রাকটি আটক ও জরিমানা করি।’ট্রাফিক সার্জেন্ট প্রিয়দর্শী চাকমা বলেন, ‘আইন অমান্য করার দায়ে আমি চার-পাঁচটি ট্রাক আটক করেছি। কোনটি মন্ত্রীর স্ত্রীর ট্রাক, আমি জানি না।’