ট্রাক পারাপার বন্ধ, ফেরিঘাটে জট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর-শরীয়তপুর নৌপথের আলুর বাজার ফেরিঘাটে ট্রাকের জট সৃষ্টি হয়েছে। পার না হতে পেরে অনেক ট্রাক তিন-চার দিন ধরে ঘাটে অপেক্ষা করছে। রাতে কুয়াশার কারণে ফেরি চরে আটকে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। এক সপ্তাহ ধরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজার ফেরিঘাটে ট্রাকের জট সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও স্থানীয় সূত্র জানায়, চাঁদপুর-শরীয়তপুর নৌপথ দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যানবাহন চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে। এ নৌপথের একটি ঘাট শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার আলুর বাজারে এবং আরেকটি চাঁদপুর সদরের হরিণায় অবস্থিত। এ পথে তিনটি ফেরি চলাচল করে। স্বাভাবিক অবস্থায় ২৪ ঘণ্টায় তিনটি ফেরিতে ১২০ থেকে ১৩০টি ছোট-বড় গাড়ি পারাপার করতে পারে। এক সপ্তাহ ধরে রাতে কুয়াশার কারণে চরে ফেরি আটকে যায়। প্রতিদিন রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখতে হয়।
গতকাল শনিবার সকালে সরেজমিনে আলুর বাজার ফেরিঘাটে দেখা যায়, ঘাট থেকে দেড় কিলোমিটার পর্যন্ত সড়কে ট্রাকের দীর্ঘ সারি রয়েছে। সড়কের খায়ের পট্টি থেকে ঘাট পর্যন্ত জায়গায় তিন শতাধিক ট্রাক পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। ফেরিতে উঠতে না পেরে অনেক ট্রাকচালক বিকল্প পথে ঘুরে ঢাকা হয়ে চট্টগ্রামের দিকে চলে যাচ্ছেন। যাত্রীবাহী গাড়ি পারাপারের কারণে ফেরিতে ট্রাক ওঠানো হচ্ছে না।
গোপালগঞ্জ এলাকার সবজি ব্যবসায়ী রহমান শিকদার বলেন, ‘কাঁচামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছি। পরিবহন খরচ বাঁচাতে সহজে যাওয়ার জন্য আমরা এ পথে আসি। তিন দিন যাবৎ আমার ট্রাক ঘাটে আটকা পড়েছে। আজকের মধ্যে পৌঁছাতে না পারলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক ফেরিচালক বলেন, কুয়াশার কারণে রাতে ফেরি চালানো যায় না। গাড়ির চাপের কারণে অনেক সময় ঝুঁকি নিয়ে ফেরি চালাতে হয়। আরও একটি ফেরি বাড়ানো হলে এবং দিনে গাড়ি পারাপার করলে যানজট অনেক কমে যেত।
বিআইডব্লিউটিসির চাঁদপুর-শরীয়তপুর নৌপথের আলুর বাজার ফেরিঘাটের ব্যবস্থাপক আবদুস সাত্তার বলেন, ‘ফরিদপুরের আটরশিতে ওরস চলছে। এ কারণে কয়েক দিন যাবৎ ওরসের গাড়ির চাপ রয়েছে। তাই ট্রাক পারাপার করতে পারছি না। কুয়াশার কারণে রাতে ফেরি বন্ধ রাখতে হয়। শনিবার (গতকাল) বিকেল থেকে ট্রাক পারাপার শুরু করা হবে। দু-এক দিনের মধ্যে গাড়ির চাপ কমে যাবে।’