ট্রাক-পিকআপ সংঘর্ষে কলেজছাত্র নিহত
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার মুশুলী চৌরাস্তার শের আলী ফকিরের বাড়ির কাছে একটি যাত্রীবাহী পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাসুদ মিয়া (২৪) নামে একজন ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপের চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, পিকআপটি নান্দাইল সদর থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকটির সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মাসুদ মিয়া নিহত হন। তিনি কিশোরগঞ্জের আইয়ুব-হেনা পলিটেকনিকেল ইনিস্টিটিউটের ছাত্র ও উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের হাসিম উদ্দিনের ছেলে। এ ছাড়া পিকআপের চালক আলতু মিয়াসহ (২৫) পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেলে নান্দাইল থানা ও মহাসড়ক পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, দুটি গাড়িই জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলের এক কিলোমিটার দূর থেকে ট্রাকচালক সন্দেহে একজনকে আটক করা হয়েছে।