ট্রাক পোড়ানোর মামলায় বিএনপি নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।ছবি :সংগৃহীত
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।ছবি :সংগৃহীত

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের মামলায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
কুষ্টিয়ার বিশেষ ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. শফিউর রহমান আজ বুধবার তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে মেহেদী আহমেদ আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন।
জানতে চাইলে কুষ্টিয়া আদালতের সরকারি কৌঁসুলি অনুপ কুমার নন্দী প্রথম আলোকে বলেন, মেহেদী আহমেদ উচ্চ আদালত থেকে চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। আজ জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি জেলা জজের বিশেষ ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। মামলার পরবর্তী শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৭ জানুয়ারি রাত সোয়া নয়টার দিকে সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন শান্তিডাঙ্গা ১৪ মাইল এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ৩৫-৪০ জন অবরোধকারী ধানবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটির চালকের সহকারী সাইফুল ইসলামের পিঠ আগুনে পুড়ে যায়। এ ঘটনার পরের দিন ইসলামী বিশ্ববিদ্যালয় থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে বিএনপির ২৬ নেতা-কর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ জনকে আসামি করে মামলা করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পরিদর্শক (তদন্ত) এস এম কাফরুজ্জামান ২৩ জুলাই আদালতে কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫৭ জনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দেন। এতে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীনকে এ নাশকতা সংগঠনের অর্থদাতা হিসেবে উল্লেখ করা হয়।
পরে বিশেষ ক্ষমতা আইনে করা মামলাটি বিশেষ ট্রাইব্যুনালে চলে যায়।