ট্রাক-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের কাছে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পাবনা জেলা সদরের শংকরপুর গ্রামের বাসিন্দা প্রাইভেট কারের চালক বেল্লাল হোসেন (৩২) এবং তাঁর ভাগনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের গোলাম রাব্বানী (২৪)। মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ঢাকা থেকে একটি মালবাহী ট্রাক রংপুরে যাচ্ছিল। অন্যদিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে একটি প্রাইভেট কার ঢাকায় যাচ্ছিল। শুক্রবার দুপুরে ঝাঐল ওভারব্রিজের পূর্ব পাশে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। খবর পেয়ে থানা-পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ জব্দ করেছে। এ বিষয়ে পুলিশ বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছে।