ট্রাক বিকল, রূপগঞ্জে মহাসড়কে যানজট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মদনপুর-ভূলতা-জয়দেবপুর (ঢাকা বাইপাস) মহাসড়কে ভুট্টাবোঝাই একটি ট্রাক বিকল হয়ে পড়লে উভয় দিকে প্রায় আট কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার সকাল আটটার দিকে মহাসড়কের নলপাথর এলাকায় এ ঘটনা ঘটে। এতে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কাঁচপুর থেকে ভুট্টাবোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৬৯৭৪) বগুড়া যাচ্ছিল। মদনপুর-ভূলতা-জয়দেবপুর মহাসড়কের নলপাথর এলাকায় সড়কের মাঝখানে সেটি বিকল হয়। এতে করে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই মহাসড়কের উভয় দিকে কমপক্ষে আট কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা। দূরপাল্লার মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যানও যানজটে আটকে থাকে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ ও রূপগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, হঠাৎ সড়কের মাঝখানে ভুট্টাবোঝাই ট্রাকটি বিকল হওয়ার কারণে মহাসড়কের উভয় দিকে এ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে যানজট নিরসনের জন্য সেখানে পুলিশ পাঠানো হয়। বিকেল চারটার দিকে রেকারের সাহায্যে মহাসড়ক থেকে বিকল ট্রাকটি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকা থেকে আধুরিয়া এলাকা পর্যন্ত আরও তিন কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভূলতা উড়ালসড়ক নির্মাণকাজ ও বিকল্প সড়কের ওপর মহাসড়কের পাশের দোকানদাররা মালামাল ওঠানামা করার কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। সড়কের ওপর যানবাহন দাঁড় করিয়ে রাখাই এ যানজটের কারণ মনে করেন স্থানীয়রা।