গাজীপুরের কালিয়াকৈর রেলওয়ে উড়ালসড়কের ওপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গত রোববার রাতে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে রাত থেকে গতকাল সোমবার সকাল আটটা পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকায় যানজট ছিল। যানজটে আটকা পড়ে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।
পুলিশ জানায়, রোববার রাত ১১টার দিকে কালিয়াকৈর রেলওয়ে উড়ালসড়কের ওপর ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়। এ সময় রাস্তার একপাশ দিয়ে যানবাহন চললেও গাড়ির সংখ্যা বেশি থাকায় যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে যানজট কালিয়াকৈরের সফিপুর থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ৬০ কিলোমিটার এলাকায় দীর্ঘ হয়। রাতভর এ যানজটে আটকা পড়ে শত শত যানবাহনের যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। পরে গতকাল সকালে হাইওয়ে পুলিশ রেকার দিয়ে ট্রাকটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গোড়াই হাইওয়ে (প্রস্তাবিত) থানার এসআই জাকির হোসেন জানান, যানজটের সময় চালকেরা গাড়িতে ঘুমিয়ে পড়ার পাশাপাশি মির্জাপুরের ধেরুয়ায় একাধিকবার ট্রেনের সিগন্যালের জন্য যানজট দীর্ঘস্থায়ী হয়।