ট্রাক বিকল, ১৫ কিলোমিটার জুড়ে যানজট
গাজীপুরের হোতাপাড়া এলাকায় ট্রাক বিকল হয়ে পড়ায় গতকাল সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৫ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। সড়কের ওই এলাকার গর্তে চাকা আটকে যাওয়ায় ট্রাকটি বিকল হয়ে যায়৷ এতে ওই সড়কের বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তি পোহান।
পুলিশ ও এলাকাবাসী জানান, ঢাকা-ময়মনসিংহ সড়কের হোতাপাড়া এলাকায় গতকাল সকাল আটটায় ট্রাকটি বিকল হয়ে যায়৷ এতে যানজট হওয়ায় ওই সড়ক দিয়ে চলাচলকারী গাজীপুরের শ্রীপুর, কাপাসিয়া এবং ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর এলাকার লোকজন ভোগান্তিতে পড়েন৷ দুপুর ১২টার দিকে পুলিশ উদ্ধারকারী গাড়ি দিয়ে ট্রাকের চাকাটি গর্ত থেকে ওপরে তোলে৷ এরপর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়৷
গাজীপুর সদর উপজেলার রোভারপল্লী হাইস্কুলের শিক্ষক কানিজ ফাতেমা জানান, সকাল ১০টায় তাঁর স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষার িউউটি ছিল। কিন্তু যানজটে পড়ে তাঁর সময় পার হয়ে গেছে। ফলে তিনিও কর্মস্থলে যেতে পারেননি।
নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. কামাল পাশা জানান, হোতাপাড়া এলাকায় ট্রাক বিকল হওয়ায় এবং চালকেরা ট্রাফিক আইন না মেনে চলায় যানজটের সৃষ্টি হয়েছে। দুপুর ১২টার পর থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।