ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
চকরিয়া উপজেলার হারবাং এলাকায় আজ বুধবার সকাল সাতটার দিকে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
নিহত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান (৩৫)। তিনি লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মো. আবুল খায়েরের ছেলে।
আহতেরা হলেন চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের শিকলঘাট এলাকার মোহাম্মদ সাকের (৩৫), হারবাং ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মো. ওসমান (৩২) ও ডুলাহাজারার সুয়াজনিয়া এলাকার মো. রুবেল (৩০)। এঁদের মধ্যে সাকের ও ওসমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর রুবেল চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, হারবাংয়ের ইনানী রিসোর্ট এলাকায় সকাল সাতটার দিকে চট্টগ্রামগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে কক্সবাজারগামী মালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে চালক মোস্তাফিজুর ঘটনাস্থলেই মারা যান।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ ভোর থেকে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। এ কারণে সড়ক পিচ্ছিল ছিল। তাই সড়কে চলাচলকারী গাড়িগুলো বারবার নিয়ন্ত্রণ হারাচ্ছে। সকাল থেকে একটি মোটরসাইকেল ও তিনটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়েছে।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রহমান বলেন, সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় মাইক্রোবাসের চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। মাইক্রোবাস ও ট্রাক জব্দ করে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।’