ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষ, প্রাণ গেল যুগ্ম সচিবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনা
দুর্ঘটনা

চট্টগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক (ডিজি) মো. ফজলুর রহমান নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ি উপজেলা সদরের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া গত শুক্রবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত আরও ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ছয়জন। এ নিয়ে গত ৯১ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন অন্তত ৭৮৮ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

চট্টগ্রামে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে সড়ক দুর্ঘটনায় নিহত নেপের মহাপরিচালক মো. ফজলুর রহমান (৫৬) যুগ্ম সচিব ছিলেন। আহত পাঁচজন হলেন চট্টগ্রাম প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ একাডেমির সুপার মো. রফিকুল ইসলাম তালুকদার (৪৫), তাঁর স্ত্রী পটিয়া পিটিআইয়ের সুপার মুশফিকা বিনতে সুলতান (৩৮), চট্টগ্রাম পিটিআইয়ের অফিস সহকারী সাইফুল ইসলাম (৩০), পটিয়া পিটিআইয়ের সাবেক উচ্চমান সহকারী দোয়েল দেব চৌধুরী ওরফে অনিল (৬০) ও মাইক্রোবাসের চালক মো. আলী হোসেন (৩৩)।

ওই কর্মকর্তা-কর্মচারীরা একটি মাইক্রোবাসে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষকদের এক প্রশিক্ষণ কর্মশালায় যাচ্ছিলেন। ফটিকছড়ি উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে জুবলী স্কুল পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ছয়জনই আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। পরে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ফজলুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুর্ঘটনার খবর পেয়ে সকালে হাসপাতালে ছুটে যান চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী। তিনি বলেন, পুলিশ ট্রাকটি আটক করেছে।

এদিকে কুষ্টিয়ার দৌলতপুরের কুষ্টিয়া-প্রাগপুর সড়কের হোসেনাবাদ কৈপাল এলাকায় গতকাল সকালে বাসের ধাক্কায় হাসিবুল ইসলাম (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় জিহাদুল ইসলাম (৯) নামের আরেক ছাত্র আহত হয়। হাসিবুল ও জিহাদুল হোসেনাবাদ এলাকায় স্কুলের ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে সাইকেলে বাড়ি ফিরছিল। যশোর সদরের নঙ্গরপুর এলাকায় যশোর-মাগুরা সড়কে গতকাল সকালে মোটরসাইকেলের ধাক্কায় ইউসুফ আলী খোকন (৬৮) নামের একজন দিনমজুর নিহত হয়েছেন। মাদারীপুর সদর উপজেলার মাদারীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের থানতলী এলাকায় গতকাল দুপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে অরুমিতা কর্মকার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

ঝিনাইদহ সদর উপজেলায় গতকাল সকালে ধানের বিচালিভর্তি পাওয়ারটিলারটি উল্টে চালক মনিরুল ইসলাম (২৮) নিহত হয়েছেন। বগুড়ায় ধুনট-জোড়িশিমুল সড়ক পার হতে গিয়ে শুক্রবার সন্ধ্যার পর মোটরসাইকেলের ধাক্কায় লিপি খাতুন (৩৪) নামের এক গৃহবধূ মারা গেছেন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শুক্রবার সন্ধ্যায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে এনামুল হক (৬৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার সুকিয়া এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন।