ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, কনস্টেবল নিহত
নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে আজ সোমবার দুপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন উপপরিদর্শক (এসআই)।
লালপুর থানা সূত্র জানায়, একটি মামলার তদন্তকাজে লালপুর থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম কনস্টেবল রহমত আলীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে কদিমচিলান যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে উপজেলার বনপাড়ার কদিমচিলান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রহমত আলী নিহত হন। আহত হন এসআই খায়রুল। রহমতের বাড়ি পাবনা জেলার সুজানগর উপজেলার হাশেমপুর গ্রামে।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক মামুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ট্রাক নিয়ে চালক দ্রুত পালিয়ে গেছেন। কনস্টেবল রহমতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসআই খায়রুলকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।