ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, মা ও শিশুর মৃত্যু
বিকল দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। আরেকটি ট্রাক পেছন থেকে এসে প্রচণ্ড জোরে ধাক্কা মারে ওই ট্রাককে। এতে প্রাণ গেছে ধাক্কা মারা ট্রাকের যাত্রী শিশু ও মায়ের। গুরুতর আহত বাবা হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার ভোরে গোপালগঞ্জ সদরের চন্দ্র দিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রিফাত মোল্লা (৬)। মায়ের নাম রুবি বেগম (২৩)। বাবার নাম হাসিব মোল্লা (৩৫)। তিনি পোশাকশ্রমিক। ঢাকা থেকে মালপত্র নিয়ে ট্রাকে করে তাঁরা গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। তাঁদের বাড়ি সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের হরিদাসপুর পশ্চিমপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য, মহাসড়কে বিকল হয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। বিকল ট্রাকটিতে লোহাজাতীয় বস্তু ছিল। ধাক্কার পর পেছনের ট্রাকে থাকা হাসিব সপরিবারে আহত হন। গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর রিফাত ও তার মাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হাসিব খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুস সোবহানের ভাষ্য, ট্রাকের চালককে পাওয়া যায়নি। মামলা প্রক্রিয়াধীন।