ট্রাককে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ২
পাবনা সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে কাভার্ড ভ্যানের ধাক্কা দেওয়ার ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মজিদপুর এলাকায় পাবনা-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পাবনা পৌর সদরের শালগাড়িয়া তালবাগানপাড়া মহল্লার নুরুল ইসলাম (৩৫) ও সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের আবদুল জলিল (৪২)। তাঁরা দুজনই কাভার্ড ভ্যানে ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ঘটনাস্থলে মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল। ভোর পাঁচটার দিকে পাবনা থেকে ঈশ্বরদীগামী একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ওই দুজন নিহত হন। খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে ।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হামিদ বলেন, কাভার্ড ভ্যানের চালক ঘুমের ঘোরে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।