ট্রাককে পিকআপের ধাক্কা, প্রকৌশলীসহ নিহত ২
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় থেমে থাকা একটি ট্রাককে দ্রুতগতির একটি পিকআপ ধাক্কা দিলে প্রকৌশলীসহ দুজন নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছেন তিনজন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রিশাতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজনের একজন হলেন ইসমাইল মীর (৩৮)। তিনি মাদারীপুরের ডাসার থানার দোহাসার গ্রামের সেকেন্দার আলী মীরের ছেলে। তিনি রেললাইন সম্প্রসারণের ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের একজন প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
অন্যজন হলেন ম্যাক্স গ্রুপের পিকআপ-চালক মামুন বিশ্বাস (২৬)। তিনি মাগুরা জেলার সদর উপজেলার বেলনগর মহল্লার মো. মোসলেম বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, রিশাতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আগে থেকে একটি ট্রাক দাঁড়ানো অবস্থায় ছিল। ভাঙা থেকে ভাটিয়াপাড়গামী ম্যাক্স গ্রুপের ওই পিকআপটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে থেমে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেন। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পিকআপের আরও তিনজন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাঙা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নুর ইসলাম। তিনি বলেন, খবর পেয়ে হাইওয়ে থানা-পুলিশ নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে। পরে আহত ব্যক্তিদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে তিনি জানান।