ট্রাকচাপায় আলিম পরীক্ষার্থীর মৃত্যু
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরবাড়ি এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাকের চাপায় কামরুজ্জামান (২০) নামের এক আলিম পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় সুলায়মান ( ২২) নামের অপর এক মোটরসাইকেল আরোহী আহত হন। কামরুজ্জামানের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামে। তিনি এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য আলিম পরীক্ষার্থী ছিলেন। ভালুকার একটি মাদ্রাসায় তাঁর পরীক্ষার কেন্দ্র ছিল। গতকাল দুপুরে মোটরসাইকেলে চড়ে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সখীপুর থেকে ভালুকায় আসার পথে উপজেলার মেহেরবাড়ি এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত সুলায়মানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়মনসিংহ অফিস|