ট্রাকচাপায় দিনমজুর নিহত
গাজীপুরের শ্রীপুরে মাটি বহনকারী ট্রাকচাপায় নরেন্দ্র দাস (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। তাঁর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বামিয়া গ্রামে। গতকাল বুধবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, নরেন্দ্র দাস গতকাল সকালে লাকড়ি কুড়ানোর জন্য উপজেলার বেলতলী এলাকায় যান। ওই সময় বেলতলী এলাকার নিচু জমি থেকে স্থানীয় ভিনটেজ ডেনিম লিমিটেড কারখানার মাটি বহনকারী ট্রাক অপর ট্রাককে ওভারটেক করার সময় নরেন্দ্র দাস দুই ট্রাকের মাঝখানে পড়ে যান। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তিনি মারা যান। নরেন্দ্রর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নরেন্দ্র দাস শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামের নূরুজ্জামানের বাড়িতে ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন। বিক্ষুব্ধ গ্রামবাসী এ সময় আরও তিনটি ট্রাক ভাঙচুর করেন।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম জানান, এ ব্যাপারে শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।