ট্রাকচাপায় নিহত ১
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় ওবায়দুর রহমান (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল শনিবার বগুড়া-নাটোর মহাসড়কে উপজেলার কাথম-বেড়াগাড়ি এলাকায় কোয়ালিটি ফিডস নামের একটি মুরগির খাদ্য উৎপাদনকারী কারখানার সামনে এ ঘটনা ঘটে। ওবায়দুর রহমান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রথনাথ গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে। তিনি ওই কারখানার নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১২টার দিকে কাথম-বেড়াগাড়ি এলাকায় একটি বাস একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একপর্যায়ে বাসটি ট্রাকটিকে ধাক্কা দেয়। ধাক্কা সামলাতে না পেরে ট্রাকটি মহাসড়কের পাশে অবস্থিত কোয়ালিটি ফিডস কারখানার সামনে দাঁড়িয়ে থাকা নিরাপত্তাকর্মী ওবায়দুর রহমানের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ওই বাসটি ভাঙচুর করেন এবং ট্রাকের চালক দেলোয়ার হোসেন ও তাঁর সহকারী হুমায়ুন কবিরকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নন্দীগ্রাম থানার ওসি শাহাজাহান আলী বলেন, হুমায়ুন কবিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়েছে।