ট্রাকচাপায় পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বেপরোয়া ট্রাকের চাপায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার মেঘনা পুরোনো ফেরিঘাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করতে পারলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন।
নিহত পুলিশ সদস্যের নাম মো. শহীদ (২৫)। তাঁর বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। তাঁর স্ত্রী ও এক মেয়ে রয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানার পুলিশ ফৌজদারি কার্যবিধির ৩০৪ (খ) ধারায় অজ্ঞাতনামা ট্রাকচালক ও তাঁর সহকারীর বিরুদ্ধে মামলা করেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান খান জানান, শনিবার রাত ১১টায় মেঘনা পুরোনো ফেরিঘাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল শহীদ। এ সময় তিনি সড়কের পাশে ছিলেন। হঠাৎ দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দিয়ে উল্টে যায়। ট্রাকের চাপায় আহত হন শহীদ। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।