ট্রাকচাপায় প্রশিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গতকাল শনিবার ট্রাকচাপায় কিশোরী উন্নয়ন কেন্দ্রের প্রশিক্ষক মোক্তার হোসেন (৫৫) নিহত হয়েছেন। কিশোরী উন্নয়ন কেন্দ্রের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় জেলা শহরের একটি ইফতার মাহফিলে যোগদান শেষে কর্মস্থলে ফিরছিলেন মোক্তার হোসেন। রাত পৌনে আটটার দিকে তিনি কোনাবাড়ী এলাকায় নিজ প্রতিষ্ঠানের সামনে পেঁৗছান। এ সময় হেঁটে ওই মহাসড়ক অতিক্রমের সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ওই ট্রাকটি জব্দ করা হয়। খবর পেয়ে পুলিশ তাঁর লাশ উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে কিশোরী উন্নয়ন কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোনাবাড়ী কিশোরী উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক মিজানুল ইসলাম আকন্দ বলেন, মোক্তার প্রতিষ্ঠানেরই প্রশিক্ষক ছিলেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ হলেও তিনি দীর্ঘদিন ধরে কোনাবাড়ীর দেওলিয়াবাড়ি এলাকায় ঘরবাড়ি করে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তিনি এখানকার ভোটারও ছিলেন। ১৯৮১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানেই কর্মরত ছিলেন।