ট্রাকচাপায় প্রাণ গেল পাঁচজনের
বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া এলাকায় রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বাজারে উঠে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মা-ছেলেসহ পাঁচজন ঘটনাস্থলেই নিহত এবং কমপক্ষে আটজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন বগুড়া সদরের বাঘোপাড়া দক্ষিণ পাড়ার রুবেল হোসেনের স্ত্রী আফরোজা বেগম (৩০), তাঁর তিন বছরের ছেলে নুরুল ইসলাম ওরফে বিশাল ও আফেরোজা বেগমের বড় ভাই একই এলাকার ইসমাইল ওরফে শান্ত (৪৫)। অন্য দুজন হলেন ঠেঙ্গামারা উত্তর পাড়া গ্রামের রিকশাচালক আহমদ আলী (৭০) এবং বাঘোপাড়া মধ্যপাড়ার ভ্যানচালক লয়া মিয়া (৬০)।
আহত ব্যক্তিদের মধ্যে চারজনকে স্থানীয় রফাতুল্লাহ কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আহম্মদ আলী (৬০), রোকেয়া বেওয়া (৭০), শান্তনা বেগম (৪৭) ও বাচ্চু মিয়া (৩৫)। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক চারজনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘পুলিশ চারজনের লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই ইসমাইল হোসেনের লাশ কেউ নিয়ে গিয়ে থাকলে সেই তথ্য পুলিশের কাছে নেই। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হবে।’
বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) নাজির আহমেদ খান বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন। স্থানীয় বিক্ষুব্ধ জনতা পৌনে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখলেও পুলিশ সেখানে গিয়ে জনতাকে শান্ত করার পর তারা অবরোধ তুলে নেয়। বেলা পৌনে একটার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।