ট্রাকচাপায় প্রাণ গেল ৩ শিশুর
ফেনীর দাগনভূঞা ও চট্টগ্রামের বাঁশখালীতে গতকাল শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় তিন শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহত শিশুরা হলো পূজা রানী দে (১০), হাফিজা খাতুন (৮) ও আনিকা (৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে দাগনভূঞা উপজেলার আমিরগাঁও বাজার এলাকায় ফেনী-নোয়াখালী সড়ক পার হওয়ার সময় একটি ট্রাক পূজাকে চাপা দিয়ে চলে যায়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
পূজা সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। সে উপজেলার জায়লস্কর ইউনিয়নের চানপুর গ্রামের সুবল চন্দ্র দের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই দিন দুপুর ১২টার দিকে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের দুলামিয়া কটন মিল এলাকায় ফেনী-নোয়াখালী সড়ক পার হওয়ার সময় একটি ট্রাকের চাপায় হাফিজা খাতুন (৮) নামে একটি শিশু ঘটনাস্থলে মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে।
হাফিজা দাগনভূঞার কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মো. হানিফ রিকশাচালক। ঝালকাঠির বাসিন্দা হানিফ পরিবারসহ মাতুভূঞা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন।
শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ চাম্বল এলাকায় গতকাল দুপুরে রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় মোসাম্মৎ আনিকা (৬) নামের একটি শিশু মারা গেছে।
বাঁশখালী থানার ওসি স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে জানান, আনিকা দক্ষিণ চাম্বল এলাকার পেনিনসুলা কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। শনিবার দুপুরে স্কুল ছুটির পর সে বাড়ি ফিরছিল। স্কুল থেকে আনুমানিক ১০০ গজ দূরে রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপর ট্রাকচালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি আটক করা হয়েছে।
আনিকা দক্ষিণ চাম্বল গ্রামের আবদুল জব্বারের মেয়ে।