ট্রাকচাপায় মা-ছেলে নিহত
রাজধানীর মোহাম্মাদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মা (৩০) ও তাঁর ১০ বছর বয়সী ছেলে নিহত হয়েছে। আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মা রেবেকা বেগম।
এ দুর্ঘটনায় রোকেয়ার স্বামী খোরশেদ আলম ও তাঁর ছেলে আবদুর রহিমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বিকেল সোয়া পাঁচটার দিকে রহিম মারা যায়।
পরিবারের বরাত দিয়ে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শিহাব উদ্দিন জানান, রিকশাচালক মো. খোরশেদ আলম তাঁর স্ত্রী রেবেকাকে নিয়ে ছেলে রহিমের জন্ডিসের চিকিত্সা করাতে ভোরে মোহাম্মদপুরের নূরজাহান রোডের দিকে যাচ্ছিলেন। গ্লাস ফ্যাক্টরি মোড়ের সামনে একটি ট্রাক তাঁদের রিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রেবেকা মারা যান।
আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। খোরশেদের ডান পা ভেঙে গেছে। বিকেল সোয়া পাঁচটায় ছেলে রহিমও মারা যায়।
খোরশেদের গ্রামের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার রাজাপুর গ্রামে। তিনি মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে একটি বাড়িতে ভাড়া থাকতেন।