সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণির ছাত্র শুভ করিমের চোখের সামনে তার মা রুমা সরকার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার এ ঘটনা দেখে শিশুটি বাকরুদ্ধ হয়ে পড়ে। সে কারও সঙ্গে কথা বলছে না। একই দিন মাগুরায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন এবং বাগেরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে এক পথচারী নিহত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার রাতে পটুয়াখালীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সোলায়মান খান নামের এক তরুণ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সাতক্ষীরা: গতকাল সকাল সোয়া ছয়টার দিকে দ্বিতীয় শ্রেণির ছাত্র শুভ করিম (৭) বাবা-মায়ের সঙ্গে একই মোটরসাইকেলে করে শহরের কাটিয়া এলাকায় একটি কোচিং সেন্টারে পড়তে যাচ্ছিল। তার বাবা সাতক্ষীরা শহরের ইটেগাছা এলাকার গোলাম রসুল মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। বাড়ি থেকে বের হওয়ার ১৫ মিনিটের মধ্যে পথে ইটেগাছা বাজার মোড়ে আরেকটি মোটরসাইকেলের ধাক্কায় শুভর মা রুমা সরকার (৪৫) ছিটকে সড়কে পড়ে যান। সঙ্গে সঙ্গে বিপরীত দিক থেকে আসা কালীগঞ্জগামী আলুভর্তি একটি ট্রাক তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পর সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কে ঘণ্টা খানেকের জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে সড়ক থেকে লাশ ও ব্যারিকেড সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়।
বেলা ১১টার দিকে শুভর নানা নূরুল হুদার সাতক্ষীরা শহরের কামাননগরের বাড়িতে গিয়ে দেখা যায়, শুভ এক জায়গায় চুপ করে বসে আছে। কারও সঙ্গে কথা বলছে না। নূরুল হুদা জানান, শুভ সকাল থেকে কিছু খায়নি। চেষ্টা করেও তাকে কিছু খাওয়ানো যায়নি।
পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য সোলায়মান খান (১৮) গত বৃহস্পতিবার রাতে দুমকির পাগলা বাজার থেকে টেম্পোতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছিলেন। পথে রাত ১০টার দিকে লেবুখালী-দুমকি সড়কে দুটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষে সোলায়মান আহত হন। গতকাল সকাল ১০টার দিকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর বাড়ি বরগুনার বামনা উপজেলার ডোসখালী গ্রামে। বাবার নাম হযরত আলী খান।
বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় অংশ নিতে সোলায়মান বৃহস্পতিবার রাতে দুমকিতে আসেন।
মাগুরা: সদর উপজেলার জাগলা বাজারের কাছে মাগুরা-যশোর সড়কে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসচালক নুরুল ইসলাম (৪২) নিহত হয়েছেন। এ ছাড়া মাইক্রোবাসের আরও পাঁচ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে রাশিদা খাতুন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে তিনজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইক্রোবাসটি বেনাপোল থেকে রাজবাড়ী যাচ্ছিল।
বাগেরহাট: রাস্তা পার হওয়ার সময় গতকাল দুপুরে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শেখ রফিকুল ইসলাম (৩৫) নামের এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। রাস্তার পাশের কৃষিজমিতে কাজ শেষে নিজ বাড়িতে ফেরার পথে সদর উপজেলার শ্রীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ষাটগম্বুজ ইউনিয়নের শ্রীঘাট গ্রামের ছলেমান শেখের ছেলে। বাসটি বাগেরহাট থেকে খুলনার দিকে যাচ্ছিল।