ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকচাপায় বগুড়া সদর উপজেলার গোকুল এলাকায় গতকাল সোমবার রিয়াদ হোসেন নামের পঞ্চম শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-রংপুর মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন।

একই দিন নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় ইসরাইল হোসেন (৩৫)  নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার শেরপুর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

এর আগে গত শনিবার রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় অটোটেম্পো ও বালুবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে টেম্পোর চালকসহ দুজন নিহত হয়েছেন।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়া: সকাল সোয়া নয়টার দিকে রিয়াদ হোসেন (১২) বাড়ি থেকে বাইসাইকেলে করে মহাসড়ক ধরে গোকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল। পথে গোকুল সিনেমা হলের সামনে বগুড়াগামী গমবাহী একটি ট্রাক বাইসাইকেলটিকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। রিয়াদ গোকুল উত্তরপাড়ার মিলন মিয়ার ছেলে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে।

পরে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানা আকতার জাহান ও বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমানের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ লোকজন। বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কে যান চলাচল শুরু হয়।

সহকারী পুলিশ সুপার জানান, ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে গেছেন।

জয়পুরহাট: পাঁচবিবি উপজেলার নান্দাশ গ্রাম থেকে উচাই যাওয়ার পথে পাঁচবিবি-বারকান্দি সড়কের বারকান্দি এলাকায় শনিবার রাত আটটার দিকে অটোটেম্পো-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই টেম্পোচালক ডনি হোসেন (২৫) নিহত ও টেম্পোর চার যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের জয়পুরহাট সদর হাসপাতালে নেওয়ার পর রাত ১০টার দিকে বিপুল হোসেন (২৩) নামের আরেকজন মারা যান। বিপুল নান্দাশ গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে।

জয়পুরহাট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।