ট্রাকচাপায় অটোরিকশার চালক-যাত্রী নিহত

ময়মনসিংহের ভালুকা পৌর সদরে বালুবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ভালুকা নতুন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের মধ্যে যাত্রীর পরিচয় শনাক্ত হয়েছে। তিনি হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার আনোয়ার হোসেন (৪০)।
ভালুকা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, আজ সকাল নয়টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক ইউটার্ন নেওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার ইকবাল হাসান বলেন, ভালুকা নতুন বাসস্ট্যান্ড এলাকার ইউটার্নের পাশে সড়কের মধ্যে ইট-বালু রাখায় প্রায়ই এখানে দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন।
ভালুকা হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহমুদ আদনান বলেন, মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হন। ট্রাকটি জব্দ করা হয়েছে, চালক পালিয়ে গেছেন। নিহত অপরজনের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে বলে তিনি জানান।