ট্রাকচাপায় আনসার সদস্যসহ নিহত ২
বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া এলাকায় গত শুক্রবার ট্রাকচাপায় শাহজাহান আলী (৭০) নামের এক আনসার সদস্য নিহত হয়েছেন। তিনি উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
একইদিন বগুড়ার শেরপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী হাফিজার রহমান প্রাণ হারিয়েছেন। তিনি উপজেলার সুঘাট গ্রামের বাসিন্দা ছিলেন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, শুক্রবার দিবাগত রাতে শাহজাহান আলী মহাসড়কে নিরাপত্তাকর্মীর দায়িত্ব পালন করেন। কাজ শেষে বাড়ি ফেরার পথে বোয়ালিয়া সেতুর কাছে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।