ট্রাকচাপায় এএসআই নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ট্রাকচালককে গ্রেপ্তার করেছে। অপর এক ঘটনায় নারায়ণগঞ্জে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন।

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

গাজীপুর: কালিয়াকৈরে নিহত মো. তৈয়বুর রহমান (৪৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দাঁতপাড়া এলাকার মৃত আবদুল আহাদ মিয়ার ছেলে। তিনি সিলেটের কোতোয়ালি মডেল থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

নিহত ব্যক্তির পরিবার ও থানার পুলিশ জানায়, তৈয়বুর রোববার সকালে ঢাকার ধানমন্ডিতে যান তাঁর ছেলের সঙ্গে দেখা করতে। ফেরার পথে ওই দিন রাত আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় ভূমি সিএনজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছান। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে চাপা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। আশপাশের লোকজন গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে তাঁকে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

এ ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ ওই রাতেই ট্রাকচালক পলাশ খন্দকারকে (৩০) গ্রেপ্তার করে। ট্রাকটিও আটক করা হয়। পলাশ মির্জাপুর উপজেলার চিতেশ্বরী এলাকার বাসিন্দা।

এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের পর গতকাল সোমবার সকাল নয়টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, ট্রাকচালককে গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক রয়েছে।

নারায়ণগঞ্জ: বন্দর উপজেলায় নিহত অটোরিকশাচালকের নাম সেকান্দর আলী (২৮)। উপজেলার হাজীপুর বাসস্ট্যান্ডে সিমেন্টবাহী ট্রাকের চাপায় রোববার দিবাগত রাত একটার দিকে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সেকান্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকার বাসিন্দা। রোববার হাজীপুর বাসস্ট্যান্ডে চাকায় সমস্যা দেখা দিলে তিনি রাস্তার পাশে গাড়ি রেখে চাকা মেরামত করছিলেন। এ সময় মদনপুরের দিক থেকে আসা বসুন্ধরা সিমেন্ট কোম্পানির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনার পর অটোরিকশাচালকেরা উপজেলার সব অটোরিকশা বন্ধ রেখে গতকাল সকালে বসুন্ধরা সিমেন্ট কারখানার সামনে বিক্ষোভ করেন।