ট্রাকচাপায় ছাত্রলীগ নেতা নিহত ট্রাকে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরে ট্রাকচাপায় পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সিহাব উদ্দিন মৃধা (২২) নিহত ও সাজিত ইমতিয়াজ শাওন নামের আরেক নেতা আহত হয়েছেন। গতকাল রোববার রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রবিদাসপুল এলাকায় এ ঘটনা ঘটে। সিহাব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ চৌধুরী মৃধার ছেলে।
এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগের নেতা-কর্মী, সিহাবের স্বজন ও উত্তেজিত জনতা সড়ক অবরোধ, ওই ট্রাকে অগ্নিসংযোগসহ অন্তত ২০টি যানবাহন ভাঙচুর করে। সিহাব পৌরসভার নতুন বাজার এলাকার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে সিহাব উদ্দিন মৃধা ও কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের জ্যেষ্ঠ সহসভাপতি সাজিত ইমতিয়াজ মোটরসাইকেল নিয়ে রায়পুর থেকে দালালবাজার যাচ্ছিলেন। রবিদাসপুল এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিহাবের মৃত্যু হয়। গুরুতর আহত সাজিতকে উদ্ধার করে লক্ষ্মীপুর হাসপাতালে নেওয়া হয়। এ সময় উত্তেজিত জনতা ট্রাকটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তারা রায়পুর বাস টার্মিনাল ও প্রধান সড়কে অন্তত ২০টি বাস, ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ ছাড়া তারা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
একপর্যায়ে প্রধান সড়কে ছাত্রলীগ ও বাসশ্রমিকদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউছার ও সহকারী পুলিশ সুপারের (সার্কেল) নাসিম মিয়ার নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে লাঠিপেটা ও কয়েকটি রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যানবাহন ভাঙচুরের ঘটনায় রায়পুর-ঢাকা বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তানভির হায়দার চৌধুরী বাদী হয়ে মামলা করেছেন।
এ ব্যাপারে তানভির হায়দার চৌধুরী জানান, রায়পুর বাস টার্মিনাল ও প্রধান সড়কে দাঁড় করিয়ে রাখা ইকোনোসহ অন্তত ২০টি যানবাহন অন্যায়ভাবে ভাঙচুর করা হয়েছে। এ কারণে তাঁরা মামলা করেছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুরুল হক আকন্দ জানান, সিহাবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তানভির হায়দার চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত ২০ জনকে আসামি করে মামলা করেছেন।