ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে আটটার সময় উপজেলার চাতরী চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) নজরুল ইসলাম জানান, নিহত ট্রাফিক পুলিশের নাম জহির রায়হান (৩৮)। বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলায়।
আনোয়ারা থানা সূত্র জানায়, সকাল সাড়ে আটটার দিকে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল জহির রায়হান। এ সময় চট্টগ্রাম শহরের দিকে যাওয়া একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। জহিরকে প্রথমে আনোয়ারা ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ঈশিতা আইরিন বলেন, আহত ট্রাফিক পুলিশের পেটের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহযোগী পলাতক।