ট্রাকচাপায় তাবলিগ জামাতের নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের দিঘিরযান এলাকায় নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে ট্রাকের চাপায় তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার ফতেহপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (২৪) ও বরিশাল জেলার মুলাদি উপজেলার জিয়াউল করিমের ছেলে জামাল উদ্দিন (২৮)। নিহতরা তাবলিগ জামাতে শরিক হয়ে নোয়াখালীতে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টার দিকে তাবলিগ জামাতের একদল সদস্য বজরা জামে মসজিদ থেকে পায়ে হেঁটে নোয়াখালী-কুমিল্লা মহাসড়ক ধরে সোনাইমুড়ীর দিকে যাচ্ছিল। দলটি দিঘিরযান নামক স্থানে পৌঁছালে প্রকৃতির ডাকে সাড়া দিতে আলমগীর ও জামাল উদ্দিন সড়কের পাশের টয়লেটে যান। এমন সময় কুমিল্লা থেকে নোয়াখালীর চৌমুহনী অভিমুখী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টয়লেট এবং রাস্তার পাশের একটি বস্তিঘরকে চাপা দিয়ে খালে পড়ে যায়। এতে আলমগীর ও জামাল উদ্দিন গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাঁদের সহযোগী ও স্থানীয় ব্যক্তিরা উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুজনেরই মৃত্যু হয়। জানতে চাইলে দুর্ঘটনার কথা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ। তিনি বলেন, নিহতরা তাবলিগ জামাতে এসে দুর্ঘটনার কবলে পড়েন।