ট্রাকচাপায় দুই পা হারালেন ট্রাফিক পুলিশ
মুন্সিগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় দুই পা হারালেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্য মো. কোবাদ আলী ভূঁইয়া (৪৫)। সংকটাপন্ন অবস্থায় তাঁকে প্রথম মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুর ঢালে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গতকাল ওই সেতুর ঢালে দায়িত্ব পালন করছিলেন কোবাদ আলী। স্থানটিতে সড়কের একটি পাশে সংস্কারকাজ চলছে। তাই যানবাহনের যাতায়াত এক পাশ দিয়ে সীমিত রাখা হয়। সকাল আটটার দিকে পাথরবোঝাই একটি ট্রাককে থামার সংকেত দেন কোবাদ আলী। কিন্তু ট্রাকটি না থামিয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে চলে গেলে তাঁর দুই পা চাকায় পিষ্ট হয়। এতে দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী জানান, ঘটনার পর ট্রাকটি জব্দ ও চালক জয়নুল আবেদীনকে আটক করা হয়েছে। কোবাদ আলীকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।