ট্রাকচাপায় দুই পুলিশ নিহত হওয়ার ঘটনায় চালকের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবাহী ট্রাকের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি ট্রাক চালক মো. সিরাজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে তিনি এ জবানবন্দি দেন। 

গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে শিবগঞ্জের কানসাট পল্লিবিদ্যুৎ কেন্দ্রের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম (৩৮) ও সার্জেন্ট আতাউল ইসলাম (২৫)। এ ঘটনায় শিবগঞ্জ থানায় চালক সিরাজসহ তিনজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। ঘটনার পরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। পরে পুলিশ শিবগঞ্জ থানার কাশিয়াবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নূর-এ-আলম প্রথম আলোকে জানান, চালক সিরাজ স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। তাই তাঁকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম শহীদুল ইসলামের আদালতে হাজির করা হয়। সেখানে জবানবন্দি শেষে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এসআই বলেন, হত্যা মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন, মুন্সিগঞ্জের আরেক ট্রাক চালক মো. আনোয়ার ও শিবগঞ্জের মাদক ব্যবসায়ী মো. পারভেজ। এঁরা দীর্ঘদিন ধরেই এক সঙ্গে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। এঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।