ট্রাকচাপায় দুই স্কুলছাত্র নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার গহেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীরা হলো গহেরপুর গ্রামের সরজত আলীর ছেলে তারিক আজিজ (১২) এবং হাশেম আলীর মেয়ে রুবিনা আকতার (১২)। তারা স্থানীয় খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ত।ওই শিক্ষার্থীদের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তারিক ও রুবিনা সকালে একসঙ্গে বাইসাইকেলে করে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে গহেরপুর গ্রামের আলফার বাড়ির সামনে পৌঁছালে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই আজিজ মারা যায়। গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর বেলা সাড়ে ১১টার দিকে রুবিনার মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করলেও এর চালক পলাতক রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসেন। তাঁরা ট্রাকের চালকের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন।গতকাল দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলা হয়নি।তিন শিক্ষার্থীসহ চারজন আহত: আমাদের দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি জানান, গতকাল বেলা দুইটার দিকে ঢাকা-হোমনা সড়কে কুমিল্লার তিতাস উপজেলার দড়িকান্দি এলাকায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি ট্রলির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী গৌরীপুর সুবল আফতাব উচ্চবিদ্যালয়ের তিন শিক্ষার্থী ও যানটির চালক ফারুক আহমেদ গুরুতর আহত হন। তাঁদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।