ট্রাকচাপায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলা উপজেলার সুটিবাড়ি বাজারে গতকাল সোমবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু হয়েছে। এর আগের দিন রোববার পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বরে ট্রাকের নিচে চাপা পড়ে ইউপি সচিব নিহত হয়েছেন।
ডিমলায় নিহত গৃহবধূর নাম আয়শা বেগম (৪০)। তিনি আসাদগঞ্জ গ্রামের মতিউর রহমানের স্ত্রী। পঞ্চগড়ে মারা যাওয়া ইউপি সচিবের নাম কাবুল হোসেন (৩৯)। তিনি তেঁতুলিয়া উপজেলার দৌলতপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ব্যক্তিরা বলেন, আয়শা বেগম স্বামী মতিউর রহমানের সঙ্গে মোটরসাইকেলে করে গয়াবাড়ি গ্রামে জামাতার বাড়ি যাচ্ছিলেন। পথে ডিমলা-ডালিয়া সড়কের সুটিবাড়ি বাজারের পাশে গয়াবাড়ি ইউপি ভবনের সামনের রাস্তায় বিপরীত দিক থেকে আসা ট্রাককে জায়গা দিতে গেলে তাঁরা মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আয়শা বেগম মারা যান। স্থানীয় ব্যক্তিরা মতিউর রহমানকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এর চালক ও সহকারী পালিয়ে গেছেন।
চাকলাহাট ইউপির চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, রোববার সন্ধ্যার পর ইউপি চত্বরে দুস্থদের জন্য আনা চালের (ভিজিএফ) ট্রাক রাখা হচ্ছিল। এ সময় ট্রাকটির পেছনে থাকা কাবুল হোসেন গাছের সঙ্গে চাপা পড়েন। এতে তিনি আহত হলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক শাহাজাদা মিয়া বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।