ট্রাকচাপায় পথচারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুর শহরের শেখ রাসেল পৌর শিশুপার্ক ও নতুন বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই পথচারীর নাম মো. শুকুর মিয়া (৪৮)। তিনি শহরের শোভারামপুর মহল্লার সামাদ মিয়ার ছেলে। শুকুর চার ছেলে ও এক মেয়ের বাবা।
এই ঘটনার প্রত্যক্ষদর্শী এম এ তাহের প্রথম আলোকে বলেন, মাটিভর্তি ট্রাকটি আগে থেকে সড়কের দক্ষিণ পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। শুকুর মিয়া ওই ট্রাকের পেছন দিয়ে যাচ্ছিলেন। এ সময় ট্রাকের চালক ট্রাকটি পেছনের দিকে সরাতে গিয়ে শুকুরকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।