ট্রাকচাপায় পাঁচজনের মৃত্যুর মামলায় চালকের তিন বছরের কারাদণ্ড
ট্রাকচাপায় পাঁচজনের মৃত্যুর ঘটনায় করা মামলায় চট্টগ্রামে এক ট্রাকচালকের তিন বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা হয়েছে। চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গনি গতকাল বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। একই আদেশে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।আদালত সূত্র জানায়, দণ্ডাদেশপ্রাপ্ত আসামির নাম রতন চন্দ্র দাস। ২০০০ সালের ২২ মার্চ নগরের কোতোয়ালি থানার কাজী নজরুল ইসলাম সড়কের ‘নিপুণ পাঞ্জাবি’ নামের একটি দোকানে চলন্ত একটি ট্রাক ঢুকে পড়ে। এতে পাঁচজন নিহত ও ছয়জন আহত হন। এ ঘটনায় ট্রাকচালক রতনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়। আসামির বিরুদ্ধে ২০০০ সালের ৭ জুলাই অভিযোগপত্র দাখিল এবং ২০০২ সালের ২৭ নভেম্বর অভিযোগ গঠন করা হয়।সূত্র আরও জানায়, চারজনের সাক্ষ্যের ভিত্তিতে আসামি রতনকে দণ্ডবিধির ৩০৪(বি) ধারায় দোষী সাব্যস্ত করে এই সাজা দেওয়া হয়। এই আইনে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড।