ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
রাজধানীর মহাখালীতে দায়িত্ব পালনকালে পুলিশের এক কনস্টেবল একটি মিনি ট্রাকের চাপায় নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে একটার দিকে মহাখালী উড়ালসেতুর (ফ্লাইওভার) ওপর এ ঘটনা ঘটে। নিহত কনস্টেবলের নাম সুজন (২৩)। তিনি মিরপুর পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
সুজনের সহকর্মী কনস্টেবল রুবেলের ভাষ্য, উড়ালসেতুর ওপর তাঁরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় একটি মিনি ট্রাক আসতে দেখে থামার সংকেত দেওয়া হয়। দ্রুতগতির ট্রাকটি সুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার ভোররাত চারটার দিকে সুজনের লাশ মর্গে আনা হয়।
রিকশাচাপায় শিশু নিহত: এদিকে রাজধানীর কামরাঙ্গীরচরে রিকশাচাপায় জেরিন আক্তার নামের ৬ বছরের এক শিশু মারা গেছে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায় মিঠাবনের চানপুরে।